নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো ও ইয়োবে রাজ্যে সামরিক অবস্থানে হামলা চালানো ইসলামপন্থী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ৪৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সেনাবাহিনীর দাবি, বিমানবাহিনীর সহায়তায় সেনারা বিদ্রোহীদের হামলা প্রতিহত করেন। বর্নো রাজ্যের বিট্টা এবং ইয়োবে রাজ্যের বুনি ইয়াদিতে একটি সামরিক প্রশিক্ষণকেন্দ্রে রাতভর হামলা চালায় জঙ্গিগোষ্ঠী বোকো হারাম ও তাদের বিচ্ছিন্ন অংশ ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) সদস্যরা।
সামরিক মুখপাত্র ক্যাপ্টেন মোহাম্মদ গনি জানান, বিট্টায় সেনারা রাতের হামলা প্রতিহত করার পর বুনি ইয়াদির সামরিক প্রশিক্ষণকেন্দ্রে হামলাকারী আইএসডব্লিউএপি যোদ্ধাদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেন। স্থানীয় সময় শুক্রবার ভোর পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে।
সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং দুজন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৭ বছর ধরে চলা বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে দেশটির সরকার। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বোকো হারাম ও আইএসডব্লিউএপির সেনা অবস্থানে হামলার ঘটনা বেড়েছে।