ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় যোশীমঠ-বদ্রীনাথ রুটে ছয়জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
দ্যা হিন্দুর খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি তুষারপাতের মধ্যে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে উড্ডয়ন করে।
পরে হাতি পর্বত এলাকায় যাওয়ার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন পুরুষ আরোহী ছিলেন। তারা হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজা এবং পাইলট ক্যাপ্টেন হিমাংশু।
এক বিবৃতিতে উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল।
স্থানীয় সময় দুপুর ১টা ১৪ মিনিটের দিকে উড্ডয়নের পর যোশীমঠ উপত্যকার ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থায়ও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পুরো বহরের উড্ডয়ন স্থগিত করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, যোশীমঠের কাছে ছায়ী গ্রামসংলগ্ন এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পাওয়া গেছে।
জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
এদিকে নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।