দেশের মধ্যেই বিশ্বমানের চিকিৎসা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিশেষায়িত চিকিৎসা ও আস্থার অভাবে প্রতিবছর বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘কোলোরেক্টাল সার্জারি সম্মেলন-২০২৬’ এর উদ্বোধনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চিকিৎসা শুধু পেশা নয়, মানুষের জীবনের সঙ্গে জড়িত মহান দায়িত্ব। দরিদ্র রোগীর প্রতি সহমর্মিতা ও আর্থিক কারণে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে হবে।

গত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসন, দুর্নীতি ও অপরিকল্পিত সিদ্ধান্তে স্বাস্থ্যখাত এগোয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় জনবল ছাড়াই ব্যয়বহুল যন্ত্র কেনা হয়েছে, অনেক যন্ত্র অব্যবহৃত থেকেছে।

বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা সর্বোচ্চ। ১০০ শয্যার হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীতকরণসহ চিকিৎসক-নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, লজ্জা ও অসচেতনতায় কোলোরেক্টাল রোগীরা দেরিতে চিকিৎসকের কাছে আসেন। এ জন্য জনসচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণ জরুরি। সম্মেলনে জাতীয় কোলোরেক্টাল সার্জারি ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবিতে তিনি সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিআরএস সভাপতি অধ্যাপক ডা. রশিদুল ইসলাম। বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএমইউ উপাচার্য ড. এফ এম সিদ্দিকীসহ অন্যরা।