ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায়  সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট ৮টি ইউনিট টানা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

এদিকে আহত আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিক নামের ওই ব্যক্তির শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।