এড শিরানের উত্তর আমেরিকা সফর ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার পর নিজের প্রথম কনসার্টে ফিরেই ফিলিস্তিন ইস্যুতে সরব হলেন মার্কিন শিল্পী ম্যাকলমোর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) কলোরাডোর রেড রকসে ১৭টি গান পরিবেশন করেন তিনি।
মঞ্চে তিনি বলেন, টিকে থাকাটা রাজনৈতিক বিষয় নয়, মানবিকতা। তাই বলছি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি সুদান, কঙ্গো, লেবানন, হাইতি। এমনকি আমেরিকায় আইসিইর ভয়ে ঘর থেকে বের হতে না পারা মানুষের মুক্তির কথাও বলেন।
গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সিতে এড শিরানের কনসার্টে ‘হিন্ডস হল’ গাওয়ার আগে ফ্রি প্যালেস্টাইন বলার পর বিতর্ক শুরু হয়। ১৪ সেপ্টেম্বর আয়োজক প্রতিষ্ঠান মেসিনা ট্যুরিং গ্রুপ জানায়, ভেন্যু কর্তৃপক্ষের আপত্তিতে ম্যাকলমোর আর থাকছেন না। জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফট তাকে ইহুদিবিদ্বেষী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ করেন।
এড শিরান জানান, সিদ্ধান্তটি তার ছিল না, ভেন্যুগুলো শো বাতিলের হুমকি দিয়েছিল। পরে ফিনিয়াস, লুকাস গ্রাহাম ও তার ব্যান্ড বিওগাও সংহতি জানিয়ে সফর থেকে সরে দাঁড়ান।
ম্যাকলমোর ‘লুপ ট্যুর’ থেকে পাওয়া ১০ লাখ ডলার ফিলিস্তিনের ৬টি সংস্থায় দান করার ঘোষণা দেন এবং ক্রাফটকেও সমপরিমাণ দিতে বলেন। ক্রাফট ২০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে।
এছাড়া ২৪ সেপ্টেম্বর তিনি ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ ঘোষণা করেন, যা শুরু হবে ২৬ অক্টোবর ডাবলিনে, এরপর প্যারিস ও লন্ডনের ওয়েম্বলিতে। তিনটি শো-এর টিকিটই ইতিমধ্যে সোল্ড আউট।