বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

রোববার (২৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবাহিনী প্রধান গত ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানির বিমান নির্মাতা প্রতিষ্ঠান গ্রোব এয়ারক্রাফট এসই’র আমন্ত্রণে দেশটি সফর করেন।

সফরকালে তিনি জার্মানির টুসেনহাউসেন-মাটসিসে অবস্থিত প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে কর্ম-অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

আইএসপিআর জানায়, এ সফর বাংলাদেশ বিমানবাহিনীতে ব্যবহৃত গ্রোব এয়ারক্রাফটের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে। এ ছাড়া বিমানবাহিনী প্রধান জার্মানির রোথেনবাখ আড পেগনিৎসে অবস্থিত ডাইহল ডিফেন্সের এমএসএএন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর গত ২০ থেকে ২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন বিমানবাহিনী প্রধান। দেশটির বিমানবাহিনীর কমান্ডার এবং ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি প্রাগে অনুষ্ঠিত ‘দ্য ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’ এ অংশ নেন।

সম্মেলনে আধুনিক যুদ্ধপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, অত্যাধুনিক প্যাসিভ ও অ্যাক্টিভ সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রয়োগ, সশস্ত্র মনুষ্যবিহীন আকাশযান (আর্মড ইউএভি) এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ।

এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমানবাহিনীর বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়।

আইএসপিআর আরও জানায়, বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জার্মানি ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি পেশাগত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।