আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়ায় পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
পানিসম্পদমন্ত্রী বলেন, প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী, অর্থাৎ প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবেন।
তিনি বলেন, পদ্মা ব্যারেজ নির্মিত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট দূর হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে। পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ ও মৎস্য খাতের উন্নয়ন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, প্রকল্প পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ উপস্থিত ছিলেন।