রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। তবে মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানা গেছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; বিশাল সেন্টারে অবস্থিত নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতে অন্য কেউও ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। একইসঙ্গে গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা চলছে।