যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত দল মাই কেমিক্যাল রোমান্স-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের মালিক প্রতিষ্ঠান। দলটির সাম্প্রতিক এক পরিবেশনায় নৃত্যশিল্পীদের পরনে চিয়ারলিডারদের পরিচিত সাদা-নীল পোশাকের মতো দেখতে পোশাক থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস কাউন্টির একটি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে চিয়ারলিডারদের ব্র্যান্ডের মালিক প্রতিষ্ঠান প্রো সিলভার স্টার। আবেদনে মাই কেমিক্যাল রোমান্সকে মঞ্চে ওই পোশাক ব্যবহার থেকে বিরত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড বোল মঞ্চে পরিবেশনার সময় ব্যান্ডটির সঙ্গে নৃত্যশিল্পীরা এমন পোশাক পরেছিলেন, যা ডালাস কাউবয়েসের চিয়ারলিডারদের বিখ্যাত সাদা-নীল পোশাকের সঙ্গে প্রায় হুবহু মিলে যায়।

নথিতে আরও বলা হয়, নৃত্যশিল্পীদের হাতে রাইফেলের মতো দেখতে বস্তু ছিল। তারা মঞ্চে সাজানো গোলাগুলির দৃশ্যে অংশ নেন এবং একপর্যায়ে তাদের গুলিবিদ্ধ হওয়ার অভিনয় করতে দেখা যায়।

প্রো সিলভার স্টারের দাবি, পোশাকের মিল দেখে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী নৃত্যশিল্পীদের প্রকৃত ডালাস কাউবয়েস চিয়ারলিডার বলে মনে করেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যও ছড়িয়ে পড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা সাধারণত আইনি বিরোধে জড়াতে চায় না। মাই কেমিক্যাল রোমান্সের গান, শৈল্পিক পরিকল্পনা কিংবা পরিবেশনার বার্তা নিয়েও তাদের আপত্তি নেই। তাদের দাবি, শুধু চিয়ারলিডারদের স্বতন্ত্র পোশাকটি ব্যবহার না করলেই হয়। বিকল্প পোশাক তৈরির সুযোগও অনেক রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ব্যান্ডটির প্রতিনিধি ও প্রো সিলভার স্টারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাই কেমিক্যাল রোমান্স তাদের তৃতীয় অ্যালবাম ‘দ্য ব্ল্যাক প্যারেড’-এর ২০ বছর পূর্তি উপলক্ষে সফর করছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় হলিউড বোলেই আবার পরিবেশনা করার কথা ছিল ব্যান্ডটির। হ্যালোইন উপলক্ষেও সেখানে তাদের আরও দুটি পরিবেশনা নির্ধারিত ছিল।

সূত্র: এনবিসি নিউজ