জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।  তাদের দ্রুতই তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার আবুল বাশার তালুকদার।

শনিবার (২৪ অক্টোবর)  দুপুরে তিনি এসব কথা জানান।

আবুল বাশার তালুকদার বলেন, গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়া দুর্বৃত্তদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দারাও কাজ করছে।

শনিবার ভোর ৫টার দিকে রাজধানীর মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে আফিস আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মগবাজারের বিশাল সেন্টার মার্কেটের নিচতলায় পার্কিং করা ছিল আসিফ আকবরের ব্যক্তিগত প্রাইভেট কারটি।

অভ্যন্তরীণ পুলিশি প্রতিবেদন ও সিসিটিভি পর্যালোচনায় জানা যায়, ভোরবেলায় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে গাড়িটির পেছনের ডান পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় সংগীতশিল্পী আসিফ আকবর নিজে গাড়িতে ছিলেন না। তিনি তখন বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিও বা অফিসেই অবস্থান করছিলেন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে পুলিশসহ গোয়েন্দারা ঘটনাস্থলে যান। গুলির একটি কার্তুজ উদ্ধার করা হয়।

আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ছিলেন।