সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুথি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
শুক্রবার (২৩ অক্টোবর) জোটের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করেছে। তবে ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা এর নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে ২০১৫ সাল থেকে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। অন্যদিকে, ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির আরও কয়েকটি এলাকা নিয়ন্ত্রণ করছে হুথিরা।
সাম্প্রতিক সময়ে হুথি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বেড়েছে। এর মধ্যে সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রিয়াদের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনা নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি