রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ভূমিমন্ত্রীর পাশে কিছু সময় অবস্থান করেন এবং তার সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে জ্যেষ্ঠ এ রাজনৈতিক নেতার শয্যাপাশে কিছু সময় কাটান। এ সময় তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসা ও শারীরিক অগ্রগতির বিশদ বিবরণ নেন। পাশাপাশি মিজানুর রহমান মিনুর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
এর আগে, গত ২১ অক্টোবর হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ভূমিমন্ত্রী। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে এবং রক্তশূন্যতার কারণে কয়েক ব্যাগ রক্ত দেওয়ার পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চলছে।