টানা তৃতীয় মৌসুমে এমএলএসের প্লে-অফে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে নিউইয়র্ক সিটির বিপক্ষে ২-০ গোলের জয়ে নিশ্চিত হয়েছে তাদের নকআউট পর্বের টিকিট। নিয়মিত মৌসুমে এখনো পাঁচটি ম্যাচ বাকি থাকলেও মায়ামির সামনে মূল লক্ষ্য পূর্বাঞ্চলের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখা।
পূর্বাঞ্চলের দ্বিতীয় স্থানে আছে মায়ামি। তৃতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ড রেভল্যুশনের চেয়ে তারা তিন পয়েন্টে এগিয়ে, আর চতুর্থ স্থানে থাকা শিকাগো ফায়ারের সঙ্গে ব্যবধান চার পয়েন্টের।
নিউইয়র্ক সিটির বিপক্ষে মায়ামির জয়ের শুরুটা করেন জার্মান বেরতেরামে। ম্যাচের ২০ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন তিনি। দীর্ঘদিন গোলখরায় ভুগছিলেন এই স্ট্রাইকার। সর্বশেষ ২৪ মে গোল পেয়েছিলেন তিনি। অবশেষে জালের দেখা পেয়ে স্বস্তি ফিরেছে তাঁর খেলায়।
প্রথমার্ধের একেবারে শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো দি পল। বক্সের সামনে আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থকে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। দি পল শক্তিশালী শটে বল জালে পাঠালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
এবার গোল না পেলেও দলের জয়ে অবদান রেখেছেন মেসি। দি পলের গোলটির সহায়তা করেন আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি ঠেকিয়ে মায়ামির জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার।
ইন্টার মায়ামির কোচ হিসেবে কিলি গঞ্জালেসের এটি ছিল পঞ্চম ম্যাচ। তাঁর অধীনে শুরুটা হয়েছিল ক্যাম্পেওনেস কাপ জয়ের মধ্য দিয়ে। এরপর এমএলএসে একটি ড্র ও একটি হারের মুখ দেখেছিল দলটি। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে ফিরেছে মায়ামি। সবশেষ দুই ম্যাচে ছয় গোল করার পাশাপাশি কোনো গোল হজম করেনি তারা।