যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আগামী রবিবার জমা দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঘটনার দিন সকাল ১০টার দিকে প্রশ্নফাঁসের তথ্য পাওয়ার পরপরই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিন সময় দেওয়া হয়েছিল। তবে কমিটি আরও কয়েকদিন সময় চেয়েছে।
আগামী রবিবার পর্যন্ত তাদের সময় দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই, এ ঘটনায় কারা কারা জড়িত, তা উদ্ঘাটন করতে। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আগামী ১৬ অক্টোবর স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, পরীক্ষায় সবাই যাতে অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় চেষ্টা ও আন্তরিকতা থাকবে।