রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকরা। অবরোধের কারণে এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই সড়ক ব্যবহারকারী অফিসগামী যাত্রীরা।

রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান অটোরিকশাচালকেরা অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমণ্ডিতে যাবেন। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে আছেন, কিন্তু সামনে এগোতে পারছেন না।

আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকদের যখন মন চাইবে, তখনই তারা সড়ক বন্ধ করে দেবে, এমনটা হতে পারে না। ব্যস্ততম অফিস সময়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলতেই এই অবরোধ করা হয়েছে।

তবে প্রায় দেড় ঘণ্টা পর মোহাম্মদপুর-বসিলা সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন অটোরিকশা চালকেরা। চালকদের দাবি-দাওয়ার বিষয়ে পুলিশের আশ্বাসের পর তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ প্রত্যাহারের পর বর্তমানে ওই সড়কে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আমরা অটোরিকশা চালকের সঙ্গে কথা বলেছি। তারা যে দাবিগুলো চেয়েছে, তা নিয়ে কথা বলেছি।

অটোরিকশা চালকদের দাবি নিয়ে তিনি বলেন, তারা মেইন রোডের কথা বলেছে, আমরা বলেছি তারা যে সড়কে অনুমোদন আছে সেখানেই চলতে হবে। আমরা তাদের বুঝিয়েছি, তারা বুঝতে পেরে অবরোধ তুলে নিয়েছেন।