জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে সরকারি সফর করবেন।
সরকারের আমন্ত্রণে এ সফরে তিনি বাংলাদেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।
বিশেষ করে বৈষম্যহীনভাবে মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়ন তার সফরের প্রধান গুরুত্বের বিষয় হবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় জানিয়েছে, সফরকালে সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, এনজিও, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন ফরিদা শহীদ।
সফরের প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শিক্ষায় বৈষম্যহীন প্রবেশাধিকার, শিক্ষা খাতে অর্থায়ন, ভালো উদ্যোগ ও বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য ও সুপারিশ চাওয়া হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাক্ষাতের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করতেও বলা হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ২০২৭ সালের জুনে বাংলাদেশ সফরের প্রতিবেদন উপস্থাপন করবেন ফরিদা শহীদ। প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্টদের জন্য বিভিন্ন সুপারিশ থাকবে।