বিমানের আটটি টয়লেটের মধ্যে ছয়টিই অচল হয়ে পড়ায় মাদ্রিদ থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী একটি বিমানকে জরুরি অবতরণের জন্য নিউইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে তখন ২৮৭ জন যাত্রী ও ক্রু ছিলেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে স্পেনের মাদ্রিদ থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করা আমেরিকান এয়ারলাইনসের বিমানটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মাদ্রিদ থেকে ডালাসের এই যাত্রায় সাধারণত ১০ ঘণ্টারও বেশি সময় লাগে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কর্মীরা পর্যাপ্ত সংখ্যক সচল টয়লেট না থাকার কথা জানালে বিমানটিকে নিউইয়র্কে অবতরণ করানো হয়।
বোয়িং ৭৭৭ উড়োজাহাজটিতে সাধারণত আটটি টয়লেট থাকে। কিন্তু ওই বিমানে মাত্র দুটি টয়লেট সচল ছিল। নিউইয়র্কের বিমানবন্দরের দিকে যাওয়ার সময় পাইলট বিমান নিয়ন্ত্রণকক্ষকে জানান, বিমানে মাত্র দুটি টয়লেট কাজ করছে। বিমান নিয়ন্ত্রণকক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
তখন বিমানে চার ঘণ্টার বেশি সময়ের জ্বালানি ছিল। এ কারণে উড়োজাহাজটির স্বাভাবিক অবতরণ ওজনের চেয়ে ওজন বেশি ছিল। অতিরিক্ত ওজনে অবতরণ করলে ব্রেক অতিরিক্ত গরম হয়ে যাওয়াসহ বিভিন্ন সমস্যা হতে পারে
এ অবস্থায় পাইলট ‘প্যান-প্যান’ সংকেত দেন। এটি এমন একটি আন্তর্জাতিক জরুরি সংকেত, যা তাৎক্ষণিক মনোযোগ প্রয়োজন এমন পরিস্থিতিতে ব্যবহার করা হয়, তবে তা জীবনহানির আশঙ্কাজনক জরুরি অবস্থা বোঝায় না।
বিমানটি নিরাপদে নিউইয়র্কে অবতরণ করে। তিন ঘণ্টারও বেশি সময় সেখানে থাকার পর পরে আবার ডালাসের উদ্দেশে যাত্রা করে। বিমানটির গতিপথ পর্যবেক্ষণকারী একটি ওয়েবসাইটের তথ্য থেকে এ বিষয় জানা গেছে।
ঘটনা সম্পর্কে আমেরিকান এয়ারলাইনসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশেষজ্ঞদের মতে, উড়োজাহাজের টয়লেট ব্যবস্থা বেশ জটিল। বায়ুচাপের সাহায্যে এগুলো কাজ করে এবং পাইপে কোনো কিছু আটকে গেলে বা অন্য কোনো ত্রুটি হলে টয়লেট অচল হয়ে যেতে পারে।
ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক এক প্রকৌশলী জানিয়েছেন, উড়োজাহাজের টয়লেটের পাইপ খুব সরু হওয়ায় সেখানে বিভিন্ন জিনিস আটকে যেতে পারে। যাত্রীদের ফেলে দেওয়া বিভিন্ন বস্তু, এমনকি চামচ বা কোমল পানীয়ের ক্যানও পাইপে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। এসব সমস্যা ঠিক করতে কখনো কখনো কয়েক দিন সময় লেগে যেতে পারে, কারণ কোথায় আটকে আছে তা খুঁজে বের করতে অনেক পাইপ খুলতে হয়।
সূত্র: সিএনএন