ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত ১ হাজার ৪৭২ নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় কার্যক্রমটির ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে তাদের এ অনুদান দেওয়া হবে।
এ জন্য নির্বাচিত নারীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর যাচাইয়ের অনুমোদন দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বরের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ডব্লিউএফপির মাধ্যমে লটারিতে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ব্যবসায়িক অনুদান হিসেবে এককালীন ২০ হাজার টাকা দেওয়ার লক্ষ্যে এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে।
সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে এসব তথ্য যাচাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। যাচাই শেষে নির্বাচিত নারীদের অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
মন্ত্রণালয়ের অনুমোদনের পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অধিদপ্তরের উপপরিচালক (ভিডব্লিউবি) রেবেকা সুলতানা স্বাক্ষরিত ৫ অক্টোবরের চিঠিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় নির্বাচিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসা বা আয়মূলক কাজে ২০ হাজার টাকার অনুদান বিনিয়োগের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।