সাব-রেজিস্ট্রার অফিসকে দুর্নীতির আখড়া হিসেবে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা ভাঙতেই লটারির মাধ্যমে বদলির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাব-রেজিস্ট্রারদের লটারি বদলি কার্যক্রমে তিনি বলেন, রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাইজ পোস্টিং হিসেবে পরিচিত ঢাকা থেকেই এই প্রক্রিয়া শুরু হলো। ঢাকার সব পদ ‘এ’ ক্যাটাগরির।

মন্ত্রী জানান, দেশে ‘এ’ ক্যাটাগরির ১৩১ জন সাব-রেজিস্ট্রারের মধ্য থেকে লটারিতে ১৮ জনকে ঢাকার জন্য বাছাই করা হয়েছে। শুধু লটারি নয়, কাজের চাপ ও দক্ষতা বিবেচনা করে তাদের বিভিন্ন এলাকায় পদায়ন করা হবে। এই প্রক্রিয়া পর্যায়ক্রমে সারাদেশে চলবে।

বর্তমানে দেশে ৩৭২ জন সাব-রেজিস্ট্রার কর্মরত, ১৩৯টি পদ খালি রয়েছে যা পিএসসির মাধ্যমে পূরণের প্রক্রিয়ায় আছে। ঢাকায় পদায়নের মেয়াদ সাধারণত দুই বছর, তবে দুর্নীতিতে জড়ালে তাকে রাখা হবে না।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ২৪ ঘণ্টা মনিটরিং করছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিটি অভিযোগের ব্যাখ্যা তলব করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পেলে সাংবাদিক হোক বা সাব-রেজিস্ট্রার — কারো বিরুদ্ধেই ছাড় দেওয়া হবে না। কিছু সাংবাদিকের বিরুদ্ধে মাসোহারা চাওয়ার অভিযোগও পাওয়া গেছে বলে জানান তিনি। গত ছয় মাসে ১০ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।