নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ঘিরে সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে আলোচনায় রয়েছেন মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ।
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত গোলাপের সাংগঠনিক পথচলা শুরু ঢাকা কলেজ ছাত্রদল থেকে। ২০১১ সালে ঢাকা কলেজ ছাত্রদলের ৯৮ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৬ সালে একই ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক হন।
পরবর্তী সময়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেন গোলাম মাওলা গোলাপ। ২০২১ সালের ৯ আগস্ট তিনি মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। ২০২২ সালের ১০ মে দায়িত্ব পান ১ নম্বর সহ-সভাপতি হিসেবে। একই বছরের ৭ ডিসেম্বর থেকে প্রায় সাড়ে চার মাস তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান।
এর একদিন পর, ২৪ ডিসেম্বর ২০২৪, কেন্দ্রীয় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের ৯ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করে। ওই কমিটিতে মো. রবিন খান সভাপতি, আকরাম আহমেদ সাধারণ সম্পাদক এবং গোলাম মাওলা গোলাপ সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান।
গোলামের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তাঁর অনুসারীদের দাবি, দীর্ঘ সময় ধরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। বিশেষ করে ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বিএনপির কর্মসূচি এবং পরবর্তী জুলাই-আগস্টের আন্দোলনেও মহানগর পশ্চিম এলাকায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল বলে তারা দাবি করেন।
তাঁর রাজনৈতিক জীবনে কারাবরণের ঘটনাও রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি দুইবার কারাবরণ করেছেন, পাঁচ দিন রিমান্ডে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে।
গোলাম মাওলা গোলাপের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে অতীতেও সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে।
বর্তমান সময়ে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্ব গঠনকে কেন্দ্র করে তাঁর নাম আবারও আলোচনায় এসেছে। দলের সর্বোচ্চ পর্যায়েও নতুন নেতৃত্বের সম্ভাব্য আলোচনায় থাকা চার নেতার মধ্যে গোলাম মাওলা গোলাপের নাম জোরেশোরে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে সূত্র।
শিক্ষাজীবনে গোলাম মাওলা গোলাপ ঢাকা কলেজ থেকে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।
নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট সংগঠনের সিদ্ধান্তের ওপর। তবে সূত্র বলছে, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা এবং মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের কারণে গোলাম মাওলা গোলাপের নাম নতুন কমিটি গঠনের আলোচনার শীর্ষে রয়েছে।