যুক্তরাষ্ট্রের বস্টনের কাছে জিলেট স্টেডিয়ামে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা টি-শার্ট পরে গান গেয়েছেন মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী জ্যাক ব্রায়ান।
শুক্রবার (২ অক্টোবর) রাতে কনসার্টে তার এই পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনবিসির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৩০ বছর বয়সী ব্রায়ান কালো রঙের হাতাকাটা টি-শার্ট পরে মঞ্চে গান গাইছেন। টি-শার্টের ওপর সাদা অক্ষরে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।
ব্রায়ানের এই পরিবেশনা এমন এক সময়ে সামনে এল, যখন জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটকে ঘিরে বিতর্ক চলছে। নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক ক্রাফট ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত।
গত মাসে র্যাপার ম্যাকলমোর অভিযোগ করেন, ফিলিস্তিনিদের সমর্থনে কথা বলার কারণে ক্রাফটের চাপে এড শিরানের ট্যুর থেকে তাঁকে বাদ দেওয়া হয়। নিউ জার্সিতে ট্যুরের অনুষ্ঠানগুলোয় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার পর এ ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি ক্রাফট। তবে তিনি বলেছেন, ফিলিস্তিনিদের সমর্থন দমিয়ে দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। বরং শিরানের ট্যুরের জন্য জিলেট স্টেডিয়ামে সবার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চেয়েছিলেন তিনি।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার প্রতিবাদে শিরানের ট্যুর থেকে সরে দাঁড়ান উদ্বোধনী পরিবেশনার শিল্পী অ্যারন রো, লুকাস গ্রাহাম, ফিনিয়াস এবং তাঁর হাউস ব্যান্ড বিওগাও।
ম্যাকলমোরকে বাদ দেওয়ার খবর প্রকাশের পর নিজের প্রথম কনসার্টে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিরান। তিনি বলেন, ‘আমি কখনোই অ্যাক্টিভিস্ট সংগীতশিল্পী হতে চাইনি। কিন্তু এই ঘটনা আমাকে বাক্স্বাধীনতা এবং বিশ্বের সবচেয়ে জটিল রাজনৈতিক ইস্যু নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও তীব্র বিতর্কের মাঝখানে এনে দিয়েছে।’
গত সপ্তাহে শরতের জন্য ‘ফ্রি প্যালেস্টাইন ট্যুর’ ঘোষণা করেছেন ম্যাকলমোর। তবে এ সফরের কোনো আয়োজনে জিলেট স্টেডিয়াম থাকছে না।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত কয়েক দশক ধরে সংগীত ও পপ সংস্কৃতির অঙ্গনেও বিতর্কের জন্ম দিয়ে আসছে। এ সংঘাত ঘিরে মতপার্থক্যের প্রভাব পড়েছে স্থানীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থেকে শুরু করে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনীতেও।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, গাজায় ইসরায়েলের যুদ্ধে ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হন।
জ্যাক ব্রায়ান ‘সামথিং ইন দ্য অরেঞ্জ’, কেসি মাসগ্রেভসের সঙ্গে গাওয়া ‘আই রিমেম্বার এভরিথিং’ এবং ‘পিঙ্ক স্কাইজ’ গানগুলোর জন্য পরিচিত। গ্র্যামি পুরস্কারজয়ী এই শিল্পী কয়েক বছর মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। সে সময়ও তিনি গান লেখা ও রেকর্ডিং চালিয়ে গেছেন।