স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
একই সঙ্গে সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ফেরদৌসী আহমেদ (১ অক্টোবর) পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী উক্ত তারিখে শূন্য হয়েছে।
এর আগে দুপুর পৌনে ২টার দিকে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। পরে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।