জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নিয়োগ পাওয়ার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশে ছড়ানো নানা রকম গুজবের সমালোচনা করে মাহদী আমিন বলেন, জাতিসংঘের এই দায়িত্বশীল পদের জন্য সব প্রফেশনাল শর্ত পূরণ করে নিজ যোগ্যতায় জাইমা রহমান সেখানে নিয়োগ পেয়েছেন। বরং এ কারণে তাকে সাধুবাদ জানানো উচিত।
তিনি বলেন, তিনি (জাইমা রহমান) নিজের যোগ্যতার ভিত্তিতে পি-৩ পজিশন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। যার জন্য পাঁচ বছর অভিজ্ঞতা প্রয়োজন হয়, উনার যে প্রোফাইল তার সঙ্গে ম্যাচ করা। সুতরাং আমার মনে হয় এই যে নিজ যোগ্যতায়, নিজ মেধায় একটা মানুষ জাতিসংঘে উনার মতন করে প্রতিনিধিত্ব করছেন উনার নিজের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য।
‘এর সঙ্গে সরকারের ন্যূনতম কোথাও কোনো সম্পৃক্ততা নেই। বরং আমরা দেখেছি যে পূর্ববর্তী যে ধারা ছিলো যেখানে হয়তো কেউ রাজনৈতিক কারণে জাতিসংঘে পারিবারিক প্রভাব বলে সৃষ্টি করতে চাইতেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।