রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিস স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ডিবি গুলশান বিভাগের একটি দল রমনা থানাধীন সেগুনবাগিচার ২০ নম্বর এলাকার ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ডিবি গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।”
পুলিশ জানায়, নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলায় আসামির তালিকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে চার নম্বরে। গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩৮০, ৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এর আগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার আসামি মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে সালমান মুক্তাদির সরাসরি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে তিনি নিজে স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।
এদিকে, সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে তার নামে থাকা হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পাঠানো চিঠিতে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবসংক্রান্ত বিভিন্ন নথি ও লেনদেনের তথ্য চাওয়া হয়। কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত নথি এবং হিসাব খোলার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব ধরনের লেনদেনের বিবরণী পাঠাতে বলা হয়েছে। এর সঙ্গে হিসাব-সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও চেয়েছে বিএফআইইউ।