সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (ভিএমএ) ইতিহাস গড়েছেন মার্কিন গায়িকা টেইলর সুইফট। এবারের আয়োজনে ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে তিনি ভিএমএর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কার পাওয়া শিল্পী হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এবারের আয়োজনে ৩৬ বছর বয়সী সুইফট শুরু করেছিলেন বিয়ন্সের সঙ্গে সমান ৩০টি পুরস্কার নিয়ে। অনুষ্ঠানে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ গানের দৃশ্যায়নের জন্য সেরা ভিডিওর পুরস্কার জিতে তার মোট ভিএমএ পুরস্কারের সংখ্যা দাঁড়ায় ৩১-এ।
গানটি সুইফটের ২০২৫ সালের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’-এর অংশ। নতুন রেকর্ডের পাশাপাশি প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মাননাও পেয়েছেন তিনি। ‘ওপালাইট’ গানের ভিডিওতে ১৯৯০-এর দশকের বিজ্ঞাপনচিত্রের ব্যঙ্গাত্মক উপস্থাপনা লিখেছেন ও পরিচালনা করেছেন সুইফট।
পুরস্কার গ্রহণের সময় সুইফট তার সম্মাননা উৎসর্গ করেন প্রয়াত মার্কিন সংগীত তারকা ডলি পার্টনের প্রতি। তিনি বলেন, ডলি পার্টনের সঙ্গে একই পৃথিবীতে থাকার সুযোগ পাওয়াটা সবার জন্যই সৌভাগ্যের।