রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ও লুটপাট শুরু হয়। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায় বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
ওই রাতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
ওই ঘটনায় সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের পক্ষ থেকে মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন।
ঘটনার পর মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। সেসময় গ্রেফতাররা হলেন- হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। এরপর আরও দুজনকে গ্রেফতার করা হয়।