কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার একটি দল নগরীর বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর) তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে।
হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।