রাজধানীর গুলিস্তানে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন জড়ো হয়েছিলেন। তাদের থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হারুন অর রশিদ বলেন, জাসদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা বা অন্য কোনো অসৎ উদ্দেশে এখানে (জাসদ কার্যালয়) জড়ো হয়েছিল। এই সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নিয়েছে। স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহযোগিতা করেছে।

তিনি বলেন, তারা আসলে কী উদ্দেশে এখানে জড়ো হয়েছিল এবং কী কী করেছে তা যাচাই-বাছাই করা হচ্ছে। তারা এখানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া তারা কোনো কর্মকাণ্ড করেছে কি না বা কেন জড়ো হয়েছিল সেটি যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জাসদের কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যকে আটক হয়েছে- এ বিষয়ে জানতে চাইলে ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, আটকদের মধ্যে সাংবাদিক আছেন কিনা তা যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।