অভিনয় দিয়ে দর্শকের মন জয় করার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয়তার নতুন নজির গড়লেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা। ইনস্টাগ্রামে তার প্রকাশ করা একটি ভিডিও রীতিমতো ভাইরাল। এখন পর্যন্ত ভিডিওটিতে  ১ কোটি ১১ লাখের বেশি লাইক পড়েছে। আর সেটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখের বেশি বার।

ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার ওয়েবসাইট রিল্যাক্সের তথ্য অনুযায়ী, ভিডিওটিতে মন্তব্যও এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি।

শ্রীলীলা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। কখনও ফ্যাশনেবল সাজে, কখনো ঐতিহ্যবাহী পোশাকে, আবার কখনো ব্যক্তিজীবনের নানা মুহূর্ত কিংবা কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এসব পোস্টে নিয়মিতই ভক্তদের সাড়া মেলে।

তবে সাম্প্রতিক এই ভিডিওর প্রতিক্রিয়া যেন সবকিছুকেই ছাড়িয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তার পাশাপাশি পর্দাতেও ব্যস্ত সময় পার করছেন শ্রীলীলা। দক্ষিণ ভারতীয় সিনেমায় নিজের অবস্থান শক্ত করার পর এবার বলিউডে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি। অনুরাগ বসুর পরিচালনায় কার্তিক আরিয়ানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে।

শুধু বলিউডেই নয়, ধানুশের সঙ্গেও ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমায় অভিনয় করছেন শ্রীলীলা। এর বাইরেও তার হাতে রয়েছে আরও কয়েকটি সিনেমার কাজ। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার পাশাপাশি বড় পর্দাতেও সামনে ব্যস্ত সময় অপেক্ষা করছে এই অভিনেত্রীর জন্য।