আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার ছুটির তারিখে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি এক দিন এগিয়ে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে।
এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে শিক্ষার্থীরা ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি পাবে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিনের ছুটি আছে। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও টানা সাত দিন ছুটি পাবে।
অন্যদিকে, সরকারি চাকরিজীবীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত করে টানা ছুটি কাটানোর সুযোগ রয়েছে।
তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে ছুটির মেয়াদ ধর্মীয় ঐচ্ছিক ছুটি ও অতিরিক্ত ছুটি নেওয়ার ওপর নির্ভর করবে।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে।
সংশোধিত প্রজ্ঞাপনে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।