মোস্তাফিজুর রিগান, কুষ্টিয়া: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার হরিনারায়ণপুর এলাকার শ্মশান ঘাট চত্বরে সাধারণ আড্ডা ও সেলফি তোলার একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ইন্ধনে ও মদদে এই ষড়যন্ত্রমূলক অভিযোগ তোলা হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এ ঘটনায় স্থানীয়ভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে হরিনারায়ণপুর শ্মশান ঘাটে স্থানীয় কিছু তরুণ ও যুবক ঘুরতে যান। সেখানে তাঁরা সেলফি তোলা ছাড়াও ওই এলাকার বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা ও খোশগল্পে মেতে ওঠেন। পরবর্তীতে সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাভাবিকভাবে পোস্ট করা হয়।

তবে ছবিগুলো নিষিদ্ধ আওয়ামী লীগের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ও হরিনারায়নপুর শ্মশান ঘাট কমিটির সাধারণ সম্পাদক বিপুল কুমার সাহার নজরে আসে। অভিযোগ রয়েছে, বিপুল কুমার সাহা সেই ছবিগুলো সংগ্রহ করে পুলিশকে দেন এবং নিষিদ্ধ আওয়ামী নেতাদের ইন্ধনে এর সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা অভিযোগ দায়ের করান।

অভিযুক্ত বিপুল কুমার সাহা

বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উদ্যোগে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয় এবং সালিশ বসে। কিন্তু বিপত্তি বাঁধে তখনই, যখন সব পক্ষের সমঝোতা সত্ত্বেও অভিযুক্ত বিপুল কুমার সাহা সেই মীমাংসাপত্রে সই করতে অস্বীকৃতি জানান।

মীমাংসা পত্র

 

ভুক্তভোগী ও স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, বিগত দিনে বিপুল কুমার সাহা নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মে প্রকাশ্যে মদদ জুগিয়েছেন এবং অর্থলগ্নী করেছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিজের অপরাধ ঢাকতে এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নজরে আসার জন্য তিনি এই ধরনের হীন অপকৌশলের আশ্রয় নিয়েছেন। স্থানীয় বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে হেয়প্রতিপন্ন ও দমন করতেই তিনি এমন ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন তাঁরা।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে কল করেলেও অভিযুক্ত বিপুল কুমার সাহা তাতে সাড়া দেননি।

এদিকে, এই ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা। অবিলম্বে এই কুচক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের হয়রানি চিরতরে বন্ধ করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।