বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে চায় ভারত। বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য থেকেই সব দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে দেশটি।
মঙ্গলবার ( ২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ বার্তা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হবে কি না, এমন প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “এ বিষয়ে আমার কাছে এখনও কোনো তথ্য নেই। সিদ্ধান্ত হলে জানাবো।”
উল্লেখ্য, সাধারণ পরিষদে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে রোববার নিউইয়র্ক পৌঁছেছেন জয়শঙ্কর। অন্যদিকে, পাঁচ দিনের সফরে সোমবার নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ব্রিফিংয়ে আরেক প্রশ্নে জানতে চাওয়া হয়, নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের পদায়ন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত কি না।
জবাবে জয়সওয়াল বলেন, “আমরা আগেও বলেছি, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়। বর্তমান প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে থেকেই আমরা সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত।”
ভারতে আয়োজিত বহুপাক্ষিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি’তে বাংলাদেশ বিমানবাহিনীর অংশগ্রহণ প্রসঙ্গে একই মন্তব্য করেন তিনি।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে সাতটি বিদেশি রাষ্ট্র, যার মধ্যে অন্যতম বাংলাদেশ।