একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এনামুল হক জুনিয়র। তার স্পিন ভেলকিতে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর আরও খেলেছেন লাল-সবুজের জার্সিতে তবে কোথায় যেন খেই হারিয়ে ফেলেন।
২০১৩ সালের এপ্রিলে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট ম্যাচ খেলেন এনামুল। এরপর দল বিবেচনা হননি তিনি। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া লিগে তার স্পিন দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন এখনও।
দেশের হয়ে ১৫টি টেস্টে ৩ বার ৫টি করে উইকেট নিয়েছেন, ওয়ানডেতে ১০, প্রথম শ্রেণিতে ১৩৮টি ম্যাচে রয়েছে ৩৪ বার ৫ উইকেট। আছে ৫০৫টি উইকেট। তবে অধরা ছিল লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫ উইকেট পাওয়া।
৩৫ বছর বয়সী এনামুল শেষ পর্যন্ত ১৩৩তম ম্যাচে এসে পেয়েছেন ৫ উইকেটের দেখা। এই ম্যাচের আগে ১৩২ ম্যাচে নেন ১৬৯টি উইকেট।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ টাইগার্স।
ব্যাট করতে নেমে এনামুলের ঘূর্ণিতে দিশেহারা মোহামেডান মাত্র ৩৮.১ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৩ রান। এনামুল তুলে নেন ৯.১ ওভারে ২ মেডেনসহ ৪১ রান দিয়ে মোহাম্মদ হাফিজ, মাহমুদউল্লাহ রিয়াদ, জাহিদুজ্জামান খান, ইয়াসিন আরাফাত মিশু ও নাজমুল অপুর উইকেট। যা তার ক্যারিয়ার সেরা বোলিং। এর আগে ছিল ২৬ রানে ৪ উইকেট।