স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপন করে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, এলজিইডি, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারাদেশের হাট-বাজারসহ ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানো হবে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে এটি বাস্তবায়ন করা হবে।”

প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। পরে নিজস্ব রাজস্ব যোগ করে তা দ্বিগুণ করে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা দরে নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে বিক্রি করা হবে। এতে ৩ থেকে ৪ বছরের মধ্যে বিনিয়োগের অর্থ উঠে আসবে।

৫.৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে খরচ হবে প্রায় ৩ লাখ ২৬ হাজার টাকা। এ জন্য ইউনিয়ন পরিষদগুলোকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

এই কর্মসূচিতে ওয়ালটন, প্রাণ-আরএফএল, গ্রামীণ শক্তিসহ বিদ্যুৎ বিভাগের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো কাজ করবে। ৩০০ টাকার স্ট্যাম্পে ২০ বছরের চুক্তিতে তারা ফ্রি সার্ভিসিং ও ওয়ারেন্টি দেবে।