সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদ থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, “এ বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আমরা পাইনি। চিঠি এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল। তবে আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না এলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।”

এর আগে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। পরে নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। একইসঙ্গে তার বিষয়ে ব্যবস্থা নিতে সংসদ ও নির্বাচন কমিশনে চিঠি দেয় দলটি।

এরই মধ্যে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে হেফাজতে নেয় পুলিশ। একই রাতে তাদের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা।