সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া হাতে লেখা চিঠিতে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ আর আত্মসম্মানের কথা।
রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ৩য় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাট থেকেই জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে লেখা কয়েক পাতার চিঠি উদ্ধার করে পুলিশ।
চিঠিতে যা লেখা:
সংসদের প্যাডে কালো কালিতে লেখা এক পাতায় আক্ষেপ করে লেখা – ‘আমি অতি বিশ্বাস করে যুদ্ধে নেমেছিলাম… জিতবোই বা কেমনে, যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমিই তো ছিলে বিপক্ষ দলের সেনাপতি।’

অন্য একটি পাতায় লেখা – ‘সে ছিল অন্য নারীর স্বামী, কাগজে কলমে অধিকার ছিল তার বউ-এর। আর আমি ছিলাম বোকা… অন্য কারো স্বামীকে বানিয়েছিলাম নিজের শখের পুরুষ… ভালোবাসা কখনোই ভাগ করে নেওয়ার বিষয় নয়…’
আরেক পাতায় প্রতারণার অভিযোগ – ‘সে বলেছিল আজ থেকে আমরা বন্ধু, চলো একটা গেমস খেলি। আমিও সরল মনে বিশ্বাস করে রাজি হয়েছিলাম। কিন্তু কে জানতো আমিই ছিলাম তোমার গেমসের দাবার এক গুটি।’

লাল কালিতে লেখা ছোট বার্তায় আত্মসম্মানের কথা – ‘শুধু মায়ায় পড়েছি বলে বারবার তোমার কাছে নত হই… তা না হলে যতটা সস্তা ভাবছো ততটা সস্তা আমি নই…!’
চিঠির সঙ্গে ১২-০৭-২০২৬ তারিখ লেখা একটি পাতায় ঘুমানোর আগে ৬টি ধর্মীয় আমলের তালিকাও পাওয়া গেছে।
পুলিশ বলছে, হাতের লেখা মরিয়মের কিনা তা যাচাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর রাত ১টার দিকে আত্মহত্যা প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।