দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর বলে গণ্য হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা মিলে একজন ২০তম গ্রেডের কর্মচারীর মোট বেতন দাঁড়াবে ৩৩ হাজার ২৫০ টাকা।
এছাড়া ১ম গ্রেডের মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা, বিশেষ গ্রেডে (মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব) মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। ভাতাসহ তাদের মোট বেতন হবে ২ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। ৯ম গ্রেডে বিসিএস দিয়ে যোগ দেওয়া কর্মকর্তাদের মূল বেতন ৪৪ হাজার টাকা, মোট বেতন ৬০ হাজারের বেশি।
তবে বর্ধিত বেতন একবারে দেওয়া হবে না। ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন। ২০২৭ সালের জুলাই থেকে শতভাগ নতুন বেতন কার্যকর হবে। বাড়িভাড়াসহ নতুন ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।