জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদল।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসের প্রধান ফটকে ছাত্রলীগের তৎপরতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছিল জবি ছাত্রদল। এ সময় ওই ব্যক্তি সেখান দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেন বলে দাবি ছাত্রদলের। পরে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়।”
কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেদ বলেন, “ছাত্রলীগকে ক্যাম্পাসে ঠাঁই দেওয়া হবে না। কোনো ধরনের অরাজকতার সুযোগ দেওয়া হবে না।”
উল্লেখ্য, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে জবির প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রদল।