রাজধানীর আজিমপুরে বাসে আগুন দিতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এক যুবক। পরে তাকে বেধড়ক পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আজিমপুর বাসস্ট্যান্ডে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করেন ওই যুবক। এ সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে উত্তেজিত জনতা গণধোলাই দেয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসে আগুন দেওয়ার সময় তাকে আটক করা হয়। ভিডিওর দাবি অনুযায়ী, আটক ব্যক্তি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালবাগ থানার ওসি মোহাম্মদ জামিল হোসেন বলেন, “বাসে আগুন দিতে গেলে স্থানীয়রা তাকে ধরে উত্তম-মধ্যম দেয়, শরীরে ইনজুরি হয়েছে। থানায় আনার পর জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে আবার থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”