স্টাফ রিপোর্টার: মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেয়েছেন ইউনাইটেড মিডিয়া ফোরামের সভাপতি ও ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার আনজাম খালেকসহ দেশের বরেণ্য পাঁচ সাংবাদিক।

সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশন ও ৭১ মিডিয়া ভিশনের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা, পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আহসান উল্লাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নাজমা বেগম নাজু এবং সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানার মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবার বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে মানবিক মূল্যবোধ, সমাজসেবা ও মানুষের কল্যাণে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ভূমিকাও প্রশংসা করেন তারা।

এছাড়া সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।