ইরান ও রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের লক্ষ্যে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে নামকরণ করা এই বিলটির পক্ষে ২৬২ এবং বিপক্ষে ১৫৯ ভোট পড়ে।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটির আনুষ্ঠানিক নাম ‘দ্য লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’।
এই বিলের মূল লক্ষ্য ইরান ও রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। বিলটি উত্থাপন করেছিলেন গ্রাহাম নিজেই।
এর আগে, গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি অনুমোদিত হয়। প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর এটি এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।
বিলটির আওতায় ১৯৯৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্বাক্ষরিত ইরান স্যাংশনস অ্যাক্ট-এর মেয়াদও বাড়ানো হয়েছে। আইনটির মেয়াদ ২০২৬ সালে শেষ হওয়ার কথা থাকলেও নতুন ব্যবস্থায় তা আরও পাঁচ বছর কার্যকর থাকবে।
ভোটাভুটিতে ডেমোক্র্যাট দলের কয়েক ডজন প্রতিনিধি নিজ দলের অবস্থান থেকে সরে এসে অধিকাংশ রিপাবলিকান সদস্যের সঙ্গে বিলটির পক্ষে ভোট দেন।
সূত্র: আল-জাজিরা