সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান।

মাজার এলাকায় পৌঁছালে কর্তৃপক্ষ রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।

এরপর তিনি হজরত শাহপরান (রহ)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

রাষ্ট্রপতির মাজারে আগমন ও প্রস্থানকালে সড়কের দুই পাশে অসংখ্য মানুষ দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। এছাড়া নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

এর আগে এদিন সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১২ মিনিট দেরিতে তিনি সিলেটে পৌঁছান।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ওর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

বিকাল ৩টার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি।