প্রায় শতবর্ষী এক পুরনো ও অনন্য রেকর্ড গুঁড়িয়ে দিয়ে বিশ্ব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখল সৌদি আরবের পরাশক্তি আল-নাসর। ক্রিস্টিয়ানো রোনালদোর দল পয়েন্ট হারানোর বিষাদ নিয়ে মাঠ ছাড়লেও আল-খালিজের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডের মালিক হয়েছে।
বিশ্বের শীর্ষ সারির ক্লাব ফুটবলে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা ম্যাচে গোল করার বিশ্বরেকর্ড এখন আল-নাসরের দখলে। সৌদি প্রো লিগে টানা ৯৪ ম্যাচে অন্তত একটি করে গোল করার অভাবনীয় কীর্তি গড়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি। এর মাধ্যমে তারা ভেঙে দিয়েছে ১৯৩৩ থেকে ১৯৩৬ সালের মধ্যবর্তী সময়ে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের টানা ৯৩ ম্যাচে গোল করার ঐতিহাসিক রেকর্ড। ম্যাচের ৭২তম মিনিটে দলের হয়ে সেই ঐতিহাসিক গোলটি করে সমতা ফেরান ২৭ বছর বয়সী ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদান।
ক্লাবের এই মহাকাব্যিক অর্জনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৩ সালে সৌদি ফুটবলে পা রাখার পর থেকেই আল-নাসরের এই অবিরাম গোলবন্যার যাত্রা শুরু। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১১৩ ম্যাচে মাঠে নেমে ১০৫টি গোল করেছেন এই পর্তুগিজ মহাতারকা। আল-নাসরের এই রেকর্ডযাত্রার সূচনা হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে চিরপ্রতিদ্বন্দ্বী আল-হিলালের কাছে ৩-০ গোলে হারের পর, যখন পরের ম্যাচে তারা আল রিয়াদকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শুরু করে টানা ৯৪ ম্যাচের এই অবিরাম গোল উৎসব।
তবে ঐতিহাসিক এই রেকর্ড উদযাপনের মুহূর্তটি কিছুটা হলেও মলিন হয়েছে মাঠের ফলাফলে। রেলিগেশন অঞ্চলের ঠিক ওপরে থাকা দুর্বল আল খালিজের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোর হতাশায় পড়তে হয়েছে দলকে। এই ড্রয়ে লিগ টেবিলের তিন নম্বরে নেমে গেছে আল-নাসর। যেখানে শীর্ষস্থানে থাকা আল-হিলালের চেয়ে তারা দুই এবং দ্বিতীয় স্থানে থাকা আল ইত্তিহাদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে রয়েছে।
এদিকে ৪১ বছর বয়সী রোনালদো ইঙ্গিত দিয়েছেন, চলতি মৌসুমই হয়তো তার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শেষ অধ্যায়।
তবে বিদায়ের আগে প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলক ছোঁয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। বর্তমানে তার অফিশিয়াল গোল সংখ্যা গিয়ে ঠেকেছে ৯৭৯টিতে।