ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় জিন্নাহ ও ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি টাঙানোর ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ভাষা আন্দোলন ও স্বাধীনতার ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক ব্যক্তিদের ছবি সংগ্রহশালায় প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া অনুমতি ছাড়া ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভ স্থাপন এবং শিক্ষক মূল্যায়নের জন্য আলাদা ওয়েবসাইট চালু করাকেও এখতিয়ারবহির্ভূত ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে প্রশাসন।
ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো দ্বৈত প্রশাসন চলবে না। ডাকসুর সব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই থাকতে হবে।