ফেসবুকে ‘লেডি মীর জাফর’ বলে পোস্ট দেওয়ায় ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ করেছেন এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চে তিনি এ নালিশ করেন।

রুমিন ফারহানা আদালতে বলেন, ডিএজি ক্ষোভ থেকে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তিনি আমার মামলায় শুনানি করলে আমার মক্কেল ক্ষতিগ্রস্ত হবে। পরে আদালত ওই ডিএজির পরিবর্তে সহকারী অ্যাটর্নি জেনারেলকে শুনানি করতে বলেন।

এর আগে ১১ সেপ্টেম্বর নিজের ফেসবুক আইডিতে ডিএজি নজরুল লিখেছিলেন, ‘লেডি মীরজাফর রুমিন ফারহানা আফা অতীত খুব দ্রুতই ভুলে যাচ্ছেন।’

এ ঘটনায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়েও লিখিত অভিযোগ দিয়েছেন রুমিন ফারহানা। অভিযোগে তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বশীল পদে থেকে এমন কুরুচিপূর্ণ ও মানহানিকর স্ট্যাটাস অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।