বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। মুম্বাইয়ের চার্চগেট এলাকার ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সোনা ও হিরের গয়না চুরি যাওয়ার অভিযোগে এক পরিচারিকাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। চুরি যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, চার্চগেটের ওই বাড়িতে আমিশার মা আশা প্যাটেল থাকতেন।
সেখানে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন ৪০ বছর বয়সী সীমা ঘাটে। তিনি পালঘরের বাসিন্দা।
অভিযোগ, চলতি বছরের জানুয়ারি মাসে ওই বাড়ি থেকে হিরে বসানো একটি সোনার বালা চুরি হয়। বালাটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
ঘটনার পর থেকেই আমিশার মায়ের সন্দেহের তালিকায় ছিলেন ওই পরিচারিকা।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত কয়েক মাস ধরে আশা প্যাটেল সীমাকে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বলছিলেন। একই সঙ্গে চুরির কথা স্বীকার করার জন্যও তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু গয়নাটি ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।
অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তের পর সীমাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে আদালতে তোলা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে চুরি যাওয়া গয়নাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। গয়নাটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।