সেলেব্রিটিদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহল নতুন কিছু নয়। তবে সেই কৌতূহল অনেক সময় অস্বস্তিকর প্রশ্নেও গড়ায়। এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। ৬৭ বছর বয়সে এসেও তাকে বিয়ে এবং অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের জবাব দিতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

ব্যক্তিজীবন নিয়ে চারপাশের মানুষের প্রশ্ন কীভাবে সামলান সাক্ষাৎকারে নীনা গুপ্তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি? বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। কয়েক মাস আগে রাশমিকা মান্দানার বিয়ের অনুষ্ঠানে অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরই এমন আলোচনা শুরু হয়। ছবিগুলো দেখে নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে চলেছেন নীনা।

তবে সেই গুঞ্জনের পেছনে ছিল পোশাকজনিত একটি বিষয়। নীনা জানান, শাড়ির ভাঁজের কারণে তার কোমরের কাছে কিছুটা ফোলা দেখাচ্ছিল। সেটি দেখেই অনেকে তার অন্তঃসত্ত্বা হওয়ার ধারণা করেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি শাড়ি পরেছিলাম এবং সেটি ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল ৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা!

বিষয়টি নিয়ে অবশ্য রসিকতাও করেছিলেন নীনা। তিনি জানান, নিজের টিমকে বলেছিলেন, তারা যেন বলে দেয় তিনি অন্তঃসত্ত্বা। শুধু তা-ই নয়, পরিচিত কারও শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিং করা হলে তিনিও রসিকতা করে ওই ব্যক্তিকে ‘অন্তঃসত্ত্বা’ বলে দেওয়ার পরামর্শ দেন।

দীর্ঘ পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে নীনা গুপ্তা নিজের অভিনয় প্রতিভার পাশাপাশি ব্যক্তিজীবনের নানা সিদ্ধান্তের জন্যও আলোচনায় থেকেছেন। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সামাজিক নানা বিধিনিষেধকে উপেক্ষা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছেন তিনি।

সম্প্রতি ‘বধ টু’, ‘বাধাই হো’ ও ‘মেট্রো… ইন দিনো’-এর মতো সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন নীনা গুপ্তা। বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করছেন এই অভিনেত্রী।