শিশুসাহিত্যিক আমীরুল ইসলামকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মায়ের কবরে সমাহিত করা হবে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) চ্যানেল আইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শুক্রবার বাদ জুমা আমীরুল ইসলামের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে নেওয়া হবে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সহকর্মীরা, সেখানেই তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বেলা ৩টায় আমীরুল ইসলামের মরদেহ বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে রাখা হবে। সেখানে সাড়ে ৩টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
বাংলা একাডেমি থেকে মিরপুর নেওয়ার পথে বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ১৫ মিনিটের একটি যাত্রাবিরতি থাকবে।
এরপর মিরপুরের গোলারটেক ঈদগাহ জামে মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে সাহিত্যিককে।
দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন আমীরুল ইসলাম। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, বৃহস্পতিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমীরুল ইসলামের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।
শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে আমীরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আমীরুল ইসলামের প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক। তার প্রকাশিত সব বই শিশুসাহিত্যের। দীর্ঘ সাহিত্যজীবনে শিশুদের জন্য গল্প, ছড়া ও নানা ধরনের সৃজনশীল লেখা লিখেছেন তিনি।