র‍্যাব বিলুপ্ত করার পর নতুন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই। র‍্যাব বিলুপ্ত হওয়ার পর রাষ্ট্রীয় সম্পদ অপচয় না করে নতুন সংস্থায় সেগুলো হস্তান্তর করা হবে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব বিলুপ্ত করা সরকারের নির্বাচনী ইশতেহার ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকারের অংশ। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতেও র‍্যাব বিলুপ্ত করা হচ্ছে।

বিলটি নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়নি—বিরোধী দলের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিলটি নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া প্রকাশের পরও সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। সংসদে উত্থাপনের পর চার-পাঁচ কার্যদিবস আলোচনা হয়েছে এবং স্থায়ী কমিটিতেও বাইরের অংশীজনের মতামত নেওয়া হয়েছে।

এসআরবির কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তা কিভাবে নিষ্পত্তি হবে—এ বিষয়ে তিনি বলেন, বিলের ধারা ২৪-এ অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিষয়টি রয়েছে। তবে এটি মূলত বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশাসনিক অভিযোগ নিষ্পত্তির জন্য। কোনো সদস্য অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গ্রেপ্তারের পর আসামিকে কোথায় নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তারের পর আসামিকে অবিলম্বে নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে এবং এ-সংক্রান্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দিতে হবে।

র‍্যাবের সম্পদ প্রসঙ্গে তিনি বলেন, এত অস্ত্রশস্ত্র, ইকুইপমেন্ট, ইন্টেলিজেন্স ইকুইপমেন্ট, এত সম্পদ—এগুলো কোথায় যাবে? রাষ্ট্রের সম্পদ নষ্ট বা নিলাম করার প্রয়োজন নেই। নতুন বাহিনী গঠনের সময় বিদ্যমান সম্পদ ব্যবহার করা হবে।