ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি ও লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন।
তিনি ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে যুক্তরাজ্যের সামরিক স্থাপনা ব্যবহারের সুযোগ বন্ধ করা, দেশটিতে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের কার্যক্রম বন্ধ করা এবং এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করুন।
বর্তমানে স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করা করবিন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক পুনর্বিবেচনার সময় এখনই।
করবিন বলেন, তিনি ফিলিস্তিনি জনগণের জন্য যুদ্ধের অবসান ও স্থায়ী শান্তি দেখতে চান। একই সঙ্গে ইসরায়েলের ভেতরে যারা শান্তি ও যুদ্ধ বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের প্রতিও তিনি সমর্থন জানান।
ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের সমালোচনাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার প্রবণতারও কঠোর সমালোচনা করেন সাবেক এই লেবার নেতা। তিনি বলেন, ইসরায়েল বারবার এমন একটি ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করে যে, দেশটির রাষ্ট্রীয় আচরণের যেকোনও সমালোচনাই ইহুদিবিদ্বেষ। এটি সম্পূর্ণ অর্থহীন কথা।
জেরেমি করবিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠার পক্ষে বিশ্ব সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নিতে হবে। জাতিসংঘকে পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করার পাশাপাশি ইসরায়েলি দখলদারিত্বের অবসানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।